ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব বিক্ষোভকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতির কারণে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির পথ (গেট) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমআরসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
ডিএমআরসি জানিয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা ছাত্র ও যুব বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ব্লু, ইয়েলো ও ভায়োলেট লাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলো হলো- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হবে, তবে এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।
স্টেশনগুলোর গেট বন্ধ থাকলেও ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে এবং স্টেশনে থামছে। কিন্তু গেট বন্ধ থাকায় যাত্রীরা স্টেশন থেকে বের হতে গেলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মান্ডি হাউসসহ কয়েকটি স্টেশনের বাইরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে গন্তব্যের কাছাকাছি স্টেশন বন্ধ থাকায় বাইক ট্যাক্সি বা বিকল্প বাহন ব্যবহার করতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর বাইরে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

