ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জাতীয় নাগরিক পার্টি

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার এই ঘোষণা দেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দলটির পক্ষ থেকে দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষ করে ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান, জুলাই মাসের আন্দোলনে শহিদ ও আহত পরিবারগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন।

এছাড়া সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণের বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এনসিপির উত্তর ও দক্ষিণ মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও ইসহাক সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।