লালমোহনে শুদ্ধ বানান ও উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়’-এর পরিচালনায় রোববার কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। কলেজটির সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক এবং ‘বাংলা ভাষার ফেরিওয়ালা’ খ্যাত অধ্যাপক মো. লুৎফর রহমান। এতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুইশত শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান এবং শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করা অত্যন্ত জরুরি। তিনি মন্তব্য করেন, রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না; তা যদি সম্ভব হতো তবে রাজার ছেলেই সবচেয়ে বড় বিদ্বান হতো। তাই জীবনে প্রকৃত শিক্ষিত ও সমৃদ্ধ হতে হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও অনেক শিক্ষিত মানুষও প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে উচ্চারণ ও বানানে ভুল করে থাকেন। তাই ভাষার প্রতি আরও যত্নশীল হয়ে সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণের নিয়মিত চর্চা বাড়াতে হবে। এই কর্মশালার মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা ব্যবহারে উৎসাহিত করা ও সঠিক বানান লেখার বিষয়ে সচেতন করে তোলা।

কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের শুদ্ধ উচ্চারণের দক্ষতা যাচাইয়ে মাত্র পাঁচ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ নম্বরের এই বিশেষ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক গোবিন্দ রায়, ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহে আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মুসা এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. জাবের হুসাইনসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।