জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২২ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদল গত ১ জুলাই থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনসহ নানা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে, যা জুলাই ও আগস্ট মাসজুড়ে চলমান থাকবে। এরই অংশ হিসেবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে জুলাই-আগস্টের ঘটনার পাঁচটি মামলার রায় ঘোষণা হয়েছে। বাকি হত্যা মামলাগুলোরও দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন এবং রায় কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন তিনি।
দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই গণ-অভ্যুত্থানে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকার তাদের আশ্বস্ত করেছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ কয়েকটি মামলার রায় এসেছে। অবশিষ্ট মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি এবং ঘোষিত রায়ের কার্যকর বাস্তবায়ন দেখতে চান তারা। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

