ঈশ্বরদীর পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় রাকিবুজ্জামান রকি (২২) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৩৮ ঘণ্টা পর রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাকিবুল ইসলাম রকি ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় বাসিন্দা সেলিম রেজা জানান, রবিবার সকাল ৯টার দিকে চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে একটি পিকনিকের নৌকা সজোরে ধাক্কা খায়। এতে নৌকায় থাকা রকিসহ তিনজন যাত্রী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ওই অভিযানে মো. লিটন (৩৮), মো. ওয়াহাব (৪৫) ও সোহাগ (২৫) নামে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রাকিবুজ্জামান রকির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নৌকার যাত্রীদের তথ্যমতে, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি পদ্মা নদীতে পিকনিকে গিয়েছিল। দিনভর আনন্দ শেষে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর অবশেষে পদ্মার শাখা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং এটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকির বলে শনাক্ত করা হয়েছে।

