কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এই দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। এই নিয়োগের অংশ হিসেবে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
নিয়োগের সময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে নিয়োগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। যদিও এ বিষয়ে নতুন কোনো প্রজ্ঞাপন এখনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
নিয়োগ বাতিলের তাৎক্ষণিক কোনো কারণ এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এর আগে, গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

