ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। নিহত আসাদুজ্জামান উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। সেখানে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে আসাদুজ্জামান গুরুতর আহত হন এবং ঘটনাস্থল থেকে অন্য দুজনকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ আসাদুজ্জামানকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএসএফের হাতে আটক হওয়া দুজন হলেন—পীরগঞ্জ উপজেলার বৈরচুনা উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা। স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসাদুজ্জামান তাঁর এলাকার বাসিন্দা। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বিষয়টি জানতে পেরেছেন এবং ইতিমধ্যে নিহতের পরিবারের খোঁজ নিয়েছেন। বিষয়টি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর তিনিও শুনেছেন। তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১১

