কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাদিউজ্জামান নিলু (৪৮) ও নাঈম শেখ (৩২) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত হাদিউজ্জামান নিলু তারাশি গ্রামের মৃত মান্নান মাস্টার মন্নুর ছেলে এবং তিনি ঘাঘর বাজারের একজন ঔষধ ব্যবসায়ী। অপর আহত নাঈম শেখ চিতলমারী উপজেলার আজিম শেখের ছেলে এবং তিনি কোটালীপাড়া ইউসিবি ব্যাংকের ঘাঘর শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘাঘর বাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নিলু ও নাঈম। এ সময় পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রাহবার পরিবহন’ (ঢাকা মেট্রো-৩৩-৯৬) নামক একটি লোকাল বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন জানিয়েছেন, নিলুর পায়ে কনফার্ম ফ্র্যাকচার এবং নাঈম শেখের পায়ে ক্লোজ ফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।