মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিকসভুক্ত দেশগুলো। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও অবনতির দিকে নিয়ে যেতে পারে—এমন যেকোনো ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি জোর দাবি জানানো হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত এক যৌথ বিবৃতিতে জোটের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা গেছে, সম্মেলনে গৃহীত যৌথ বিবৃতিতে সদস্য দেশগুলো জানায়, ‘আমরা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আমাদের নিজ নিজ জাতীয় অবস্থানের কথা উল্লেখ করে সর্বোচ্চ আত্মসংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সে সময় মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নিয়ে জোটের সদস্য দেশ ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়। ফলে ওই বৈঠকে কোনো যৌথ ঘোষণা বা বিবৃতিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল ব্রিকস জোট। তবে এবারের শীর্ষ সম্মেলনে আয়োজক দেশ ভারতের জোরালো কূটনৈতিক তৎপরতার পর শনিবার বিশ্বনেতাদের এই বৈঠকে সর্বসম্মতভাবে যৌথ বিবৃতিটি প্রকাশ করা সম্ভব হলো।

