অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ি সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত করেছে।
ম্যাচটির প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে কনা চমৎকার এক ফিল্ড গোল করলে বাংলাদেশের ব্যবধান বেড়ে ২-০ হয়। শেষ দিকে মালয়েশিয়া একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াকু পারফরম্যান্স উপহার দেওয়া বাংলাদেশ দলের জন্য মালয়েশিয়ার মতো শক্তিশালী রক্ষণভাগ ভেঙে এই জয় অন্যতম বড় একটি সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

