দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধে তিন মাসব্যাপী একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করা হয়। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শিরোনামের এই কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
ডেঙ্গু পরিস্থিতির বর্তমান ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সেখানে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসকে ডেঙ্গুর জন্য সবচেয়ে উদ্বেগজনক সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমানে যে হারে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, আগামী তিন মাসে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন। প্রতিমন্ত্রী আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার সারা দেশে সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো প্রতিদিন নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবে।
এর আগে গত বুধবার জাতীয় সংসদে উত্থাপিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে মোট ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

