‘নকল গর্ভধারণ’ নিয়ে ট্রলের প্রতিবাদে দীপিকার সমর্থন

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গর্ভধারণ নিয়ে ছড়ানো ‘নকল’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি রিল ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময় একাংশের মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে যে গুজব ছড়িয়েছিল, তার তীব্র নিন্দা জানান।

আরশিয়া তার বক্তব্যে বলেন, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তিনি গর্ভধারণের অভিনয় করছেন—এমন ধারণা তৈরি করা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দীপিকা বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এটি তার জীবনের একটি অত্যন্ত সুন্দর মুহূর্ত। তাই ভিত্তিহীন মন্তব্য না করে তার এই ব্যক্তিগত সময়কে সম্মান জানানো উচিত। আরশিয়া দীপিকার সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি তার গর্ভধারণ নিয়ে কোনো ধরনের সন্দেহ না ছড়ানোর আহ্বান জানান। এই কনটেন্ট ক্রিয়েটরের পোস্টটিতে লাইক দিয়ে দীপিকা পাড়ুকোন নিজের সমর্থন ও প্রতিক্রিয়া জানিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও দীপিকাকে নিয়ে একই ধরনের ভিত্তিহীন মন্তব্য করেছিলেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে কিছু ছবি প্রকাশ করেন, যার একটিতে দীপিকার বেবি বাম্প দেখা যায়। গত ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে দীপিকা ও রণবীর দ্বিতীয়বার সন্তান নেওয়ার কথা জানান। সেখানে তাদের মেয়ে দুয়াকে হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দেখা গিয়েছিল। দীপিকা ও রণবীর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন। তাদের সম্পর্কের সূচনা হয়েছিল ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে এবং কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে তারা গোপনে বাগদান সম্পন্ন করেছিলেন।