ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের বাসিন্দা সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।
পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় সব বিজ্ঞাপন প্রচার করত। বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা ক্রেতাদের আকৃষ্ট করত। এরপর ক্রেতারা অর্ডার করলে বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর পণ্য সরবরাহ না করে ক্রেতাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত চক্রটি।
সম্প্রতি ‘স্নিকার্স হাব বিডি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এক জোড়া জুতা অর্ডার করেন। এই চক্রটি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় এবং পরে পণ্য না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এই ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। নড়াইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম বা অতিরিক্ত ছাড়ের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া অগ্রিম টাকা প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

