ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দৌড় থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আস্থা ভঙ্গের কারণ দেখিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এফএফএফ-এর নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের সামনে ডিয়ালো বলেন, ফিফা সভাপতির ওপর যে আস্থা ছিল তা এখন খর্ব হয়েছে। বিশ্ব ফুটবলের পরিচালনার ধরণ বর্তমান নেতৃত্বের সঙ্গে আর মিলছে না। ডিয়ালো উল্লেখ করেন, জুন মাসের শেষভাগে ইনফান্তিনো যখন একমাত্র প্রার্থী ছিলেন, তখন ফ্রান্স তার প্রার্থিতাকে সমর্থন দিয়েছিল। তবে পরবর্তী ঘটনাবলি পরিস্থিতি বদলে দিয়েছে। তিনি বলেন, তার প্রার্থিতায় সমর্থন বজায় রাখার মতো পরিবেশ আর অবশিষ্ট নেই।

ইনফান্তিনো আগামী বছরের ফিফা নির্বাচনে আবারও লড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব দিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতায় গত জুলাইয়ে তিনি সেই প্রস্তাব থেকে পিছু হটতে বাধ্য হন। ডিয়ালো অভিযোগ করেন, সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে কোনো পরামর্শ বা পর্যাপ্ত তথ্য প্রকাশ না করেই মালিকানা বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ফিফার সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।

বিতর্কিত এই প্রস্তাব ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের একাধিক শীর্ষ ফেডারেশন ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর আমেরিকার ‘কনকাকাফ’ ফিফার শীর্ষ পর্যায়ে পরিবর্তনের দাবি তুলেছে। ডিয়ালো জানান, ফ্রান্সের এই অবস্থান উয়েফাসহ বিশ্ব ফুটবলের বৃহত্তর আন্দোলনের অংশ। এখন মূল আলোচনা ফিফার প্রশাসনিক সংস্কার এবং ইনফান্তিনোকে পরাজিত করার মতো একজন উপযুক্ত প্রার্থী খোঁজার বিষয় নিয়ে। তিনি আরও বলেন, কেবল সমালোচনা যথেষ্ট নয়, উয়েফাকে একটি স্পষ্ট দিকনির্দেশনা তৈরি করতে হবে যাতে আগামী মার্চে নির্বাচনের আগেই জয়ের সক্ষমতা রাখে এমন একজন শক্ত বিকল্প প্রার্থী দাঁড় করানো যায়।