দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৯২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩০৪ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।