ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংসদে বিলটি উত্থাপন করেন এবং পরবর্তীতে কণ্ঠভোটে তা পাস হয়। বিলটি পাসের আগে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল।
বিলটি পাসের সময় অর্থমন্ত্রী জানান, সরকার ১৮(ক) ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কারণ এই ধারায় নির্ধারিত কঠোর নিয়ন্ত্রক শর্তাবলি পূরণ করে কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এগিয়ে আসেননি। তিনি উল্লেখ করেন, আইনটি প্রণয়নের পর থেকে কোনো শেয়ারহোল্ডার বা প্রতিষ্ঠান ওই শর্তগুলো পূরণ করতে পারেনি, যার ফলে ধারাটির মূল উদ্দেশ্য বাস্তবে অর্জিত হয়নি।
মূলত সংকটে পড়া তফসিলি ব্যাংক পুনর্গঠনে বাজারভিত্তিক বিকল্প কাঠামো প্রদানের লক্ষ্যে ১৮(ক) ধারাটি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ব্যাংকের মূলধন ঘাটতি ও তারল্য সংকট মোকাবিলা করা, আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন না করে সরকারি কোষাগারের ওপর চাপ কমানো। অর্থমন্ত্রী জানান, পুনর্গঠন প্রক্রিয়ায় যোগ্য ও সক্ষম অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাটিতে দুই পৃষ্ঠা জুড়ে কঠোর শর্ত রাখা হয়েছিল।
আইনটি পাসের পর থেকেই ১৮(ক) ধারা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের মতে, এই ধারার মাধ্যমে রেজোল্যুশনের আওতায় থাকা ব্যাংকের বিতর্কিত সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডাররা পুনরায় মালিকানায় ফেরার সুযোগ পেতে পারতেন। ধারাটির আওতায় কোনো ব্যাংক রেজোল্যুশন প্রক্রিয়ার অধীনে যাওয়ার আগে শেয়ারহোল্ডাররা পুনরায় ব্যাংকটির শেয়ার, সম্পদ ও দায় অধিগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার সুযোগ পেতেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও একই সুযোগ দেওয়ার ক্ষমতা রাখত।
বিশেষ করে পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ধারাটি বিশেষভাবে আলোচনায় আসে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডাররা পুনরায় মালিকানায় ফিরে আসতে পারেন—এমন আশঙ্কা থেকে তখন উদ্বেগ তৈরি হয়েছিল। সমালোচনার মুখে সরকার শেষ পর্যন্ত ধারাটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশে এই ধারাটি ছিল না। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর অধ্যাদেশটি সংশোধন ও অনুমোদনের সময় ১৮(ক) ধারাটি অন্তর্ভুক্ত করা হয়। সংসদীয় কার্যক্রমের সময় অর্থমন্ত্রী আইন প্রণয়নের মূল কাজের প্রতি কঠোরভাবে মনোযোগ দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান এবং সংসদের শৃঙ্খলা ও কার্যক্রমের উদ্দেশ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

