দেশে হামের প্রকোপ কমছে না, বরং প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ছয় মাসে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১ হাজার ২ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে প্রায় পৌনে ২ লাখ শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। গত মার্চের মাঝামাঝি সময়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর প্রায় ৬ মাস অতিবাহিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এই তিন শিশু ময়মনসিংহ, নেত্রকোণা ও ঢাকা জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০২ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৬৯ শিশুর শরীরে নিশ্চিত হাম ধরা পড়েছে। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের শরীরে। এছাড়া চলতি বছর বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, গত এপ্রিলে টিকা কার্যক্রম শুরুর পর সরকার ‘হার্ড ইমিউনিটি’ তৈরির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা অর্জনে ব্যর্থ হয়েছে। অব্যবস্থাপনার কারণে মৃত্যুর সংখ্যা এখনো কমছে না। স্বাস্থ্য অধিদপ্তর গত এপ্রিল ও মে মাসের ক্যাম্পেইনে প্রায় এক কোটি ৯৬ লাখ ৬১ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়ার দাবি করলেও, বিশেষজ্ঞদের অনেকে শুরু থেকেই এই শতভাগ কাভারেজের তথ্যে সন্দেহ প্রকাশ করেছেন। জুনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সময় প্রায় দুই কোটি ৪০ লাখ শিশুকে পাওয়া গিয়েছিল, যা টিকার তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
২০২০ সালের ডিসেম্বরের পর নিয়মিত টিকা ক্যাম্পেইন দীর্ঘ সময় বন্ধ থাকায় অনেক শিশু টিকাবঞ্চিত থেকে যায়, যা বর্তমান সংক্রমণের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পেইনের পরেও সচেতনতার অভাব এবং নতুন করে টিকাদানের উপযুক্ত হওয়া শিশুদের একটি অংশ এখনো টিকার বাইরে রয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকার এখন নতুন করে আরেকটি বিশেষ টিকা ক্যাম্পেইনের পরিকল্পনা করছে।

