দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন ফ্রান্স প্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ। ‘মনঘুড়ি’ শিরোনামের এই রোমান্টিক আধুনিক গানটি ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গানটিতে জয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিৎ রায়।
গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। এর সুর ও সংগীতায়োজনের দায়িত্ব পালন করেছেন সমরজিৎ রায় নিজেই। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। প্রকাশনার বিষয়ে জানা গেছে, সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যাপেল মিউজিক ও স্পোটিফাইয়ের মতো আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে গানটি শোনা যাচ্ছে।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া বর্মণ। তিনি বলেন, ‘গানটি খুব মিষ্টি এবং আমার ভীষণ পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন এবং সঞ্জয়দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয় এবং আমরা এটি নিয়ে অনেক আশাবাদী।’
গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
উল্লেখ্য, বাংলা লোকসংগীতে বিশেষ অবদানের জন্য জয়া বর্মণ সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের গণমাধ্যমে বেশ আলোচিত। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছেন। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’ উল্লেখযোগ্য।

