নারী এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে টাইগ্রেসরা। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসে দুই উইকেট। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতনে এক পর্যায়ে ৫৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
ওপেনার দিলারা আক্তার প্রথম ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। তিনে নামা সোবহানা মোস্তারীও ব্যর্থ হন, ৬ বলে করেন মাত্র ৩ রান। অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পাওয়ারপ্লে শেষে ২০ বলে ১৬ রান করে আউট হয়ে যান। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন। স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন কোনো রান না করেই পরপর দুই বলে আউট হয়ে গোল্ডেন ডাকের শিকার হন। মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম সংকটে, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন শারমিন আক্তার সুপ্তা।
শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ব্যাট হাতে ঝড় তুলে ৩১ বলে ৩৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। তার এই লড়াইয়ের কারণেই বাংলাদেশ একশ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে ক্রিজে টিকে ছিলেন। ইনিংসের শেষ দিকে রাবেয়া খান ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৩ রানের পুঁজি দাঁড় করায়।

