ভোলার লালমোহন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি পদযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক সভায় সভাপতিত্ব করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই পারে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। নিরক্ষরতা দূরীকরণে সমাজের প্রতিটি শিক্ষিত ও সচেতন মানুষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম এবং বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

