ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধা বা হয়রানি না করে করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে রাজস্ব আদায়ের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করে কোনো ধরনের কর আরোপ বা রাজস্ব আদায় করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর অনেকাংশেই নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় করাই সরকারের মূল উদ্দেশ্য।
ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে এক মাস পরপর দাখিলের ব্যবস্থা পুনরায় চালু করার দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যু ও অনিষ্পন্ন রাজস্ব মামলা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। করদাতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু ও কার্যকর কর ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা কয়েক মাসের ভ্যাট রিটার্ন সংক্রান্ত জটিলতা নিয়েও তিনি কথা বলেন। আমির খসরু জানান, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে এবং খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে এনবিআর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

