প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৫৪। ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন আলমগীর, তার স্ত্রী নাজমা এবং তাদের ছয় মাসের শিশুসন্তান। তারা মূলত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর ও নাজমা দম্পতি জীবিকার তাগিদে আশুলিয়ায় থাকতেন। নাজমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং আলমগীর পান বিক্রি করতেন।
রোববার বিকেলে অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শেষবারের মতো প্রিয়জনদের এক নজর দেখতে বাড়িতে স্থানীয়রা ভিড় করেন।

