আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়া নস্যাৎ করতে নাশকতা বা স্যাবোটাজের আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। কিছু আসামির গতিবিধি ও তৎপরতা সন্দেহজনক মনে হওয়ায় ইতিমধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। একই সঙ্গে তিনি জানান, গুমের শিকার ২৫১ জনের পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার ৫৫টি পরিবারের সদস্য ট্রাইব্যুনালে এসে তাদের স্বজনদের গুম হওয়ার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। রোববারও অবশিষ্ট পরিবারগুলোর সদস্যদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়া সোমবারও অব্যাহত থাকবে। চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত ২৫১ জন গুমের শিকার হয়েছেন, যাদের কেউই আর ফিরে আসেননি। এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ‘মায়ের ডাক’-এর ব্যানারে ট্রাইব্যুনালে এসে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এখন তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে।
তদন্তের অগ্রগতি নিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ২৫১টি গুমের ঘটনার বিবরণ ও ধরনে একই ধরনের পদ্ধতি ও আচরণের মিল পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তুলে নিয়ে যাওয়া, পরবর্তীতে তা অস্বীকার করা এবং সামগ্রিক ঘটনার মিল থাকায় এগুলোকে ‘ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক’ বা ব্যাপক ও পরিকল্পিত অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রতিটি পরিবারের পক্ষ থেকে অন্তত একজন বা দুজনের জবানবন্দি নেওয়া হবে। পাশাপাশি পরিবারের কাছে থাকা ছবি, নথিপত্র, সাধারণ ডায়েরি (জিডি), মামলা ও রিট পিটিশনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র সংগ্রহ ও জব্দ করা হচ্ছে। এর পাশাপাশি গুমের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তথ্য, সরকারি নথিপত্র, ব্যবহৃত যানবাহন, প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য-প্রমাণও সংগ্রহ করা হবে।
বর্তমানে প্রায় ১৮ জন তদন্ত কর্মকর্তা এই গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছেন। তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং জড়িতদের একটি বড় অংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আমরা চাচ্ছি অন্তত চলতি বছরের মধ্যে যদি ইনভেস্টিগেশন শেষ করে বিচারকাজ শুরু করতে পারি—এমন একটি লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে।
গুমের শিকার পরিবারগুলোর সংগঠিতভাবে জবানবন্দি দিতে আসার কারণ ব্যাখ্যা করে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, অনেক গুমের ঘটনায় একাধিক ব্যক্তিকে একই সময়ে একই স্থান থেকে তুলে নেওয়া হয়েছিল। ফলে এই ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। রাজশাহী, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকায় এসেছেন। পর্যায়ক্রমে সব পরিবারকে জবানবন্দি দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রত্যেক পরিবারের কাছে থাকা তথ্য-উপাত্ত একত্র করলে তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। কারা তুলে নিয়েছিল, কোন বাহিনী জড়িত ছিল, কখন ও কোথা থেকে তুলে নেওয়া হয়েছিল এবং প্রত্যক্ষদর্শী কারা—এই তথ্যগুলো তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা পরিবারগুলোর ক্ষোভ ও হতাশা এখনো দূর হয়নি এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ক্ষোভ থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, বিভিন্ন গুমের ঘটনায় একই ধরনের প্যাটার্ন এবং সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় এগুলোকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে না দেখে একটি বৃহত্তর ও পরিকল্পিত অপরাধের অংশ হিসেবে দেখা হচ্ছে। গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ বিচারাধীন এবং কেউ অবসরে গেছেন। তবে তদন্তের স্বার্থে এ পর্যায়ে কারও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জবানবন্দি থেকেও তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং সামনে আরও তথ্য পাওয়ার আশা রয়েছে বলে তিনি জানান।
তদন্ত জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী পরিবার, সাক্ষী ও ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত শুরুর পর কিছু অভিযুক্ত ব্যক্তির তৎপরতা বেড়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। এমনকি তারা নাশকতা বা তদন্তে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। এ কারণে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে, আসামিদের আনা-নেওয়া এবং সাক্ষ্য দিতে আসা পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনটি কার্যকর হলে গুমের বিচার ও প্রতিকারের ক্ষেত্রে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

