প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন 'আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার' স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক ১০টি কম্পিউটার সম্বলিত এই সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। রোববার দুপুরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামসহ হল সংসদ ও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের উদ্যোগে এবং ব্যবসায়ী ও সমাজসেবক ড. তৈয়বুর রহমানের অর্থায়নে এই সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একাডেমিক লজিস্টিকসের সংকট দূর করে গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই প্রতিটি হলে এমন সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ মাস ধরে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও দাতা সংস্থার দ্বারে দ্বারে ঘুরে এই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সূর্যসেন হল এই ধারাবাহিকতায় তৃতীয় হল হিসেবে এই সুবিধা পেল।
ডাকসুর ভিপি সাদিক কায়েম ল্যাবটিকে শিক্ষার্থীদের জন্য একটি ই-লাইব্রেরি এবং দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ইশতেহারের বাইরেও ডাকসু নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে জানান, হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো এবং হল প্রশাসন ল্যাবটির সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করবে। এই সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে তথ্যপ্রযুক্তি ও ক্যারিয়ার বিষয়ক প্রস্তুতির ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

