ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন ও ডাস্টবিন বিতরণ

ঝালকাঠির বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে পর্যটকদের জন্য নবনির্মিত উপজেলা প্রশাসনের রেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পর্যটন এলাকার পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এটি ভাসমান বর্জ্য শোধন ও ‘গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম’ কার্যক্রমের একটি অংশ।

গত রোববার (৬ সেপ্টেম্বর) ভিমরুলীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই রেস্ট হাউজের শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধনের পর তিনি পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ঝালকাঠি জেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই রেস্ট হাউজটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই রেস্ট হাউজ নির্মাণের ফলে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এখানে আসা পর্যটকদের সুযোগ-সুবিধা আরও উন্নত হবে। এর পাশাপাশি, ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম উদ্যোগের মাধ্যমে ভিমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান বাজার এলাকায় একটি পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।