প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪ (06-09-2026, 15:34)
ব্রিটেনের শিল্পনগরী লুটনে ভক্সহল গাড়ি কারখানা বন্ধের পর চাকরি হারানো শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের কর্মসংস্থান হারানোর পাশাপাশি দেশের প্রচলিত রাজনৈতিক প্রতিষ্ঠান ও ট্রেড ইউনিয়নের ওপরও আস্থা হারিয়েছেন অনেক শ্রমিক। এই পরিস্থিতির জেরে শ্রমিকদের একটি বড় অংশ এখন ডানপন্থি দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের প্রতি সমর্থন দিচ্ছেন।
২০২৪ সালে লুটনে ভক্সহলের গাড়ি উৎপাদন কারখানাটি বন্ধ হয়ে যায়। কয়েক দশক ধরে এই কারখানাটি শহরটির অর্থনীতি ও মানুষের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। কারখানাটি বন্ধ হওয়ার কারণে প্রায় ১ হাজার ৬০০ মানুষ চাকরি হারান, যাদের অনেকে সেখানে ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময় ধরে কাজ করেছেন। সাবেক শ্রমিকদের তথ্য অনুযায়ী, কারখানা বন্ধ হওয়া ঠেকাতে তারা উৎপাদন খরচ কমানোর উদ্যোগে সহযোগিতা করতেও রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভক্সহলের মূল প্রতিষ্ঠান স্টেলান্টিস কারখানাটি বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
কারখানা বন্ধের এক বছর পর সাবেক শ্রমিকদের অবস্থা নিয়ে ট্রেড ইউনিয়ন ‘ইউনাইট’ একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভক্সহল কর্মীদের প্রায় ৩০ শতাংশ তখনও বেকার ছিলেন। আর যারা নতুন চাকরি পেয়েছেন, তাদের অনেকের আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাবেক কর্মী মালিক মাহমুদের কথাই ধরা যাক, ভক্সহলে ২৬ বছর কাজ করার পর চাকরি হারিয়ে তিনি দীর্ঘ সময় নতুন কাজ খুঁজেছেন। বয়সের কারণে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে বলে তাঁর ধারণা। শেষ পর্যন্ত একটি গুদামে চাকরি পেলেও আগের তুলনায় তাঁর মাসিক আয় প্রায় ১ হাজার পাউন্ড কমে গেছে।
এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব শুধু জীবনযাত্রায় নয়, শ্রমিকদের রাজনৈতিক অবস্থানেও বড় পরিবর্তন এনেছে। ইউনাইটের জরিপ অনুযায়ী, আগে সাবেক ভক্সহল কর্মীদের মধ্যে লেবার পার্টির প্রতি ব্যাপক সমর্থন ছিল। কিন্তু চলতি বছরের বসন্তে দেখা গেছে, ১০ শতাংশেরও কম শ্রমিক লেবার পার্টিকে সমর্থন করছেন। বিপরীতে, ৫০ শতাংশের বেশি শ্রমিক নাইজেল ফারাজের রিফর্ম ইউকের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন। শ্রমিকদের ক্ষোভ মূলত সেইসব প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে, যারা দীর্ঘদিন শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বললেও সংকটের সময় কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ফলে প্রচলিত ব্যবস্থার ওপর থেকে তাঁদের আস্থা উঠে গেছে।
লুটনের ভক্সহল কারখানা একসময় কেবল কর্মসংস্থানের কেন্দ্র ছিল না, এটি শহরের সামাজিক পরিচয়ও নির্ধারণ করত। একসময় ভক্সহল ব্রিটেনে প্রায় ৩৭ হাজার মানুষকে সরাসরি চাকরি দিত। এই কারখানাকে কেন্দ্র করেই বহু পরিবার বাড়ি কিনেছে, সন্তানদের পড়াশোনা করিয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে। কারখানা বন্ধের পর সেই সামাজিক কাঠামোও ভেঙে পড়েছে বলে মনে করছেন সাবেক শ্রমিকরা। ভালো বেতন, পেনশন ও দক্ষতা অর্জনের সুযোগ থাকা স্থায়ী চাকরির জায়গায় এখন তৈরি হয়েছে অনিশ্চিত ও কম বেতনের কাজ। অনেক পরিবারকে জীবনযাত্রার ব্যয় সামলাতে খাবার ও ঘর গরম রাখার খরচ পর্যন্ত কাটছাঁট করতে হচ্ছে।
বিশ্লেষকেরা লুটনের এই পরিস্থিতিকে ব্রিটেনের বৃহত্তর শিল্প অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। স্কটল্যান্ডের গ্র্যাঞ্জমাউথ থেকে শুরু করে ওয়েলসের পোর্ট ট্যালবট—বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধ ও কর্মসংস্থান কমে যাওয়ার ফলে একই ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভকে কাজে লাগিয়েই ডানপন্থি ও কট্টর ডানপন্থি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের সমর্থন বাড়াচ্ছে। সাবেক এক শ্রমিকের মতে, পুরনো অর্থনৈতিক ব্যবস্থা মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। অপর এক শ্রমিক জানান, যেখানে একসময় হাজার হাজার মানুষ কাজ করতেন, সেখানে এখন কেবল এক বিশাল শূন্যতা বিরাজ করছে। আর এই অর্থনৈতিক ও সামাজিক শূন্যস্থানই রিফর্ম ইউকের মতো রাজনৈতিক শক্তির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। লুটনের ঘটনাটি তাই কেবল একটি কারখানা বন্ধের গল্প নয়, এটি ব্রিটেনের শিল্পভিত্তিক অর্থনীতি, শ্রমিকদের জীবন এবং প্রচলিত রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার এক বড় উদাহরণ।

