যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ফ্রেসনোর সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের কিছু আগে গ্রুম্যান এএ-৫ মডেলের এক ইঞ্জিনের ছোট বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতার কারণে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে ওই চারজন ছাড়া আর কেউ ছিলেন না।
দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে এনটিএসবি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

