চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না: এমপি আরিফা সুলতানা রুমা

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) আরিফা সুলতানা রুমা চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

নিজের জন্ম ও বেড়ে ওঠার কথা উল্লেখ করে এমপি রুমা বলেন, চাটমোহরেই তার জন্ম ও বেড়ে ওঠা এবং মৃত্যুর পর এখানেই তার কবর হবে। গত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় দল এক বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। দিনরাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জয়ী করলেও তিনি শেষ পর্যন্ত এমপি হতে পারেননি। বর্তমানে ওই ব্যক্তি দলকে বিভক্ত করার চেষ্টা করছেন উল্লেখ করে রুমা বলেন, এই এলাকায় তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গত তিন মাস ধরে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জানিয়ে রুমা বলেন, এলাকার উন্নয়নের তথ্য তিনি এখনো ফেসবুকে প্রকাশ করেননি, তবে আজ থেকে তা দেওয়া শুরু করবেন। এলাকার সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের যেকোনো সহযোগিতার জন্য তার কাছে আসার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, রুমা পার্লামেন্ট সদস্য হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করবেন এবং তিনি নিজে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। চাটমোহরে কোনো বহিরাগতকে কোনো ধরনের সুবিধা নিতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে সজাগ থাকার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।