সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের অসংখ্য নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই ধরণের কর্মকাণ্ড রোধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এটি দমনে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের শিকার হওয়া জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
সরকারের ১৮০ দিন সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমেই দেখেছেন। তবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো সদস্যের পারফরম্যান্স আশানুরূপ নয়, তবে তিনি দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এটি প্রধানমন্ত্রীর নিজস্ব এখতিয়ার। তবে এই রদবদল ১৮০ দিন পরপরই হবে নাকি এর চেয়ে বেশি সময় লাগবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

