এশিয়ান গেমস নিয়ে অর্থ বরাদ্দ সংকটে এনএসসি ও বিওএ

এশিয়ান গেমসের মাঠের লড়াই শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ১৯শে সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ই সেপ্টেম্বর। তবে এই বড় আসরের আগে অর্থ বরাদ্দ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। বিওএ’র অভিযোগ, সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় বেশিরভাগ ডিসিপ্লিনের প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে। শুধু এবারের গেমস নয়, আগের দুই আসরে অংশগ্রহণের অর্থও বিভিন্ন অজুহাতে এনএসসি দেয়নি বলে দাবি করেছে বিওএ। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এনএসসির পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় থেকে তহবিল ছাড় না পাওয়ায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এর আগে এপ্রিলে এশিয়ান বিচ গেমসে ২ কোটি ৭৫ লাখ এবং জুনে গ্লাসগোতে আন্তর্জাতিক গেমসে ৩ কোটি ২৫ লাখ টাকা বিওএ নিজেদের তহবিল থেকে খরচ করেছে। বিওএ কর্মকর্তারা বলছেন, প্রায় ৬ কোটি টাকার এই ব্যয় সমন্বয় না হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। এ বিষয়ে জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সবকিছু নিয়মের মধ্যে চলে। বিওএ পর্যাপ্ত কাগজপত্র জমা না দেওয়ায় বিল ছাড় করা সম্ভব হয়নি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এবারের গেমসে ২৯০ সদস্যের বাংলাদেশ বহর অংশ নেবে। বিওএ সাত মাস আগে প্রশিক্ষণ ও অংশগ্রহণ বাবদ ৩৯ কোটি টাকার বাজেট দিলেও তা কমিয়ে ২০ কোটিতে আনা হয়েছে। এর মধ্যে অংশগ্রহণের জন্য ১৪ কোটি এবং প্রশিক্ষণের জন্য ৪ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিওএ নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা খরচ করে প্রশিক্ষণ শুরু করলেও, এনএসসির অসহযোগিতার কারণে ফেডারেশনগুলোকে পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিওএ মহাসচিব জোবায়দুর রহমান রানা। তবে প্রস্তুতির ঘাটতির বিষয়টি মানতে নারাজ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, অর্থ বিভাগের ছাড় পাওয়া মাত্রই চাহিদা অনুযায়ী অর্থ দেওয়া হবে এবং প্রস্তুতির ঘাটতির অজুহাত গ্রহণযোগ্য নয়।

এদিকে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে গুয়াঞ্জুতে অনুশীলনে ব্যস্ত। পিটার বাটলারের শিষ্যরা ১১ই সেপ্টেম্বর জাপানে পৌঁছাবে। নারী ক্রিকেট দল ১৪ই সেপ্টেম্বর এবং পুরুষ ক্রিকেট দল ২৫শে সেপ্টেম্বর রওনা হবে। এছাড়া হকি ও অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা পর্যায়ক্রমে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত জাপানে যাবেন। গলফ, জুডো ও কুস্তি দল সবার শেষে ৫ই অক্টোবর দেশে ফিরবে।