নভেম্বরে সিঙ্গাপুরে আবারও মুখোমুখি ব্রাজিল ও জাপান

২০২৬ বিশ্বকাপের স্মৃতি এখনো অমলিন। সেই বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান। সেই ম্যাচে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের সেই পরাজয়ের ক্ষত এখনো জাপানের জন্য টাটকা। সেই হারের কয়েক মাস পেরোতেই আবারও ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 'মিজুহো ব্লু চ্যালেঞ্জ'-এ মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ব্রাজিল ও জাপানের পাশাপাশি অংশ নেবে প্যারাগুয়ে এবং আয়োজক দেশ সিঙ্গাপুর।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুর ও প্যারাগুয়ের ম্যাচ দিয়ে খেলা শুরু হবে। এর পরদিন অর্থাৎ ১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য এটি জাপানের সামনে একটি বড় সুযোগ হিসেবে দেখা দিয়েছে। টুর্নামেন্টের শেষ দিন ১৭ নভেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে; প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

বিশ্বকাপ-পরবর্তী ব্যস্ত সূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল। এর আগে কার্লো আনচেলত্তির দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার একটি ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং অন্যটি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। সেই ধারাবাহিকতায় নভেম্বরে সিঙ্গাপুরে আবারও জাপানের মুখোমুখি হবে দলটি।