প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ২৯
ফেনীর পরশুরামে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ডি এম সাহেবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ডি এম সাহেবনগর গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ১ হাজার ২০০ টাকা করে মোট ৭ হাজার ২০০ টাকা হাতিয়ে নেন সুজন আকাশ। তবে টাকা নেওয়ার সময় তার আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সুজনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।
এই ঘটনায় ডি এম সাহেবনগরের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে এভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার পেছনে আর কোনো চক্র বা ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

