বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ৩২৪ বছর আগে প্রতিষ্ঠিত একটি কাতালান ফার্মহাউস বা খামারের গল্প আবারও সামনে চলে এসেছে। ১৭০২ সালে তৈরি ‘লা মাসিয়া দে কান প্লানেস’ বা সংক্ষেপে লা মাসিয়া, যা বার্সেলোনার সাফল্যের অন্যতম ভিত্তি। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচটিকে অনেকে ‘লা মাসিয়া ডার্বি’ হিসেবেও অভিহিত করছেন। এর কারণ এবারের ফাইনালে দুই দলের স্কোয়াডে থাকা লা মাসিয়ার গ্র্যাজুয়েটদের সংখ্যা। স্পেন দলে খেলছেন আটজন—লামিনে ইয়ামাল, ভিক্টর মুনিয়োজ, পাউ কুবারসি, গাভি, দানি ওলমো, এরিক গার্সিয়া, অ্যালেক্স গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া। অন্যদিকে আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসি। যদিও মুনিয়োজ, কুকুরেয়া, গ্রিমালদো ও মেসি বর্তমানে অন্য ক্লাবে খেলছেন, তবুও তাদের সবার ফুটবলীয় শিকড় সেই লা মাসিয়াতেই।
ফাইনালে যে দলই জিতুক, লা মাসিয়ার কোনো না কোনো সন্তানের হাতেই পদক শোভা পাবে। এটি শুধু দুই দেশের লড়াই নয়, বরং লা মাসিয়ার ইতিহাসের সেরা দুই প্রজন্মের সংঘাতও বটে। লিওনেল মেসি যেখানে লা মাসিয়ার সোনালি অতীতের প্রতীক, সেখানে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল বর্তমান ও ভবিষ্যতের পতাকা বহন করছেন। পেপ গার্দিওলার অধীনে মেসি, জাভি ও ইনিয়েস্তারা যে সর্বজয়ী বার্সা গড়েছিলেন, সেই ইতিহাসের সাক্ষী মেসি ২০২১ সালে ক্লাব ছাড়লেও আবারও বিশ্বকাপের ফাইনালে ফিরেছেন। অন্যদিকে, ইয়ামাল স্পেনের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা এই বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মেসি অতীত ও বর্তমানের মেলবন্ধন এবং লামিনে বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধি। বার্সা ও লা মাসিয়াকে নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে তাদের। ১৬ বছর আগে ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন স্পেন দলে লা মাসিয়া থেকে উঠে আসা ৯ জন খেলোয়াড় ছিলেন। এবারও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। শেষ বাঁশি বাজার পর নিউ জার্সির মাঠ থেকে হাজার মাইল দূরে থাকা সেই ধূসর রঙের ভবনটিই হবে এই ফাইনালের নীরব বিজয়ী। বার্সার সমর্থকদের কাছে যা কেবল একটি ভবন নয়, বরং একটি স্বপ্ন, যেখান থেকে মেসি ও ইয়ামালের মতো তারকারা বিশ্বমঞ্চে পা রেখেছেন।

