২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়র তার ক্ষিপ্র গতি এবং দুর্দান্ত ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণে যে আতঙ্ক ছড়িয়েছিলেন, বর্তমান সময়ের ভিনিসিয়ুসের সাথে তার পার্থক্য আকাশ-পাতাল। মাঠের পারফরম্যান্সের এই নেতিবাচক প্রভাব পড়েছে তার বাজারমূল্যে। প্লেয়ার ভ্যালুয়েশন বিশেষজ্ঞ ‘ট্রান্সফারমার্কেট’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বাজারমূল্য আবারও হ্রাস পেয়েছে। আগের ১৪ কোটি ইউরো থেকে ১০ মিলিয়ন কমে এখন তা ১৩০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে তার সর্বনিম্ন বাজারমূল্য।
চলতি মৌসুমে ধীরগতির শুরুর কারণে ভিনিসিয়ুসের এই দশা। বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ দামি ফুটবলারদের তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন। বর্তমানে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ক্যারিয়ারের সেরা সময়ে ভিনিসিয়ুসের বাজারমূল্য সর্বোচ্চ ২০ কোটি ইউরো পর্যন্ত পৌঁছেছিল। সেখান থেকে ৭ কোটি ইউরো কমে এখন তিনি ১৩ কোটি ইউরোতে নেমে এসেছেন এবং বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় ১০ নম্বর স্থানে অবস্থান করছেন। তিনি এখন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ কিলিয়ান এমবাপে (৩য়) এবং জুড বেলিংহামের (৫ম) পেছনে রয়েছেন।
মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের হয়ে সাতটি ম্যাচ খেলে ভিনিসিয়ুস মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছেন। এই বাজে ফর্মের পাশাপাশি সম্প্রতি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে তার হতাশাজনক পারফরম্যান্স ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের আরেক তারকা ইয়ান দিওমান্দোর বাজারমূল্য ক্রমাগত বাড়ছে। তার দর ৯ কোটি ইউরো থেকে বেড়ে ১২ কোটি ইউরো হয়েছে, যা তাকে ভিনিসিয়ুসের খুব কাছাকাছি নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে তিনি হয়তো ভিনিসিয়ুসকে ছাড়িয়ে যাবেন। গত ১৮ মাসে ভিনিসিয়ুসের বাজারমূল্য ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় বিশ্ব ফুটবলে তার অবস্থান বেশ নাজুক হয়ে পড়েছে।

