আগামী ৩ অক্টোবর ভারতীয় ফুটবলের জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে। কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। র্যাঙ্কিংয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও ব্রাজিল এই ম্যাচে কোনো দুর্বল দল পাঠাচ্ছে না। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকারা ভারত সফরে আসছেন। তবে মজার ব্যাপার হলো, ভিনিসিয়ুসের জন্য এটি প্রথম ভারত সফর নয়।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের প্রথম আসরে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। সেই সময় তিনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমিতে খেলতেন। ওই টুর্নামেন্টে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছিল। ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের বিপক্ষে দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুস মোট চারটি গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হয়েছিলেন।
ভারতের বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়ুস গোল করেছিলেন। সেই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে জয়লাভ করে এবং ভিনিসিয়ুস ম্যাচের ৮২তম মিনিটে শেষ গোলটি করেন। ভারত সফর শেষ হওয়ার প্রায় এক বছর পর ৪৬ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা। এর পরের বছরও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে তার ভারতে আসার কথা ছিল।

