প্রাক-মৌসুম ক্যাম্প শুরু হলেও আল-নাসরে ফেরেননি রোনালদো

মৌসুম শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি, তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে আল-নাসর তাদের মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। গত ১৯ জুলাই থেকে পর্তুগালের রাজধানী লিসবনে ক্লাবটির প্রাক-মৌসুম ক্যাম্প চলছে। শুরু থেকে বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত থাকলেও ধীরে ধীরে সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন।

সৌদি সাংবাদিক রতিবান আল-দোসারির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় লিসবনে পৌঁছেছেন সেনেগালিজ তারকা সাদিও মানে এবং পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তার আগে বুধবার রাতে অনুশীলনে যোগ দিয়েছিলেন ডিফেন্ডার আব্দুলইলাহ আল-আমরি। বর্তমানে আল-নাসরের পুরো স্কোয়াডে কেবল রোনালদোর যোগ দেওয়ার অপেক্ষাই বাকি রয়েছে।

গত ৬ জুলাই পর্তুগালের হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার পর থেকেই ছুটিতে আছেন ৪১ বছর বয়সি রোনালদো। তবে সৌদি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শিগগিরই তিনি লিসবনে দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী ১৫ আগস্ট আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগে নতুন মৌসুম শুরু করবে আল-নাসর। গত মৌসুমে সাত বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করা দলটি এবার শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।