ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস নিজের ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে মুখ খুলেছেন। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছিল।
এর আগে তুরস্কের গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন। খবরে বলা হয়েছিল, তিনি ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে কালেমা পাঠ করেছেন। এই গুঞ্জন আরও জোরালো হয় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর। শাহিন জানিয়েছিলেন, তিনি সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে বৈঠক করেছেন এবং শেখ তাকে জানিয়েছিলেন যে কার্লোস চার সপ্তাহ আগেই ইসলাম ধর্ম বেছে নিয়েছেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্লোস নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। বুধবার সৌদি পত্রিকা 'ওকাজ'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবরটি 'সত্য নয়'।
কার্লোস বলেন, 'ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।'
বিয়ের অনুষ্ঠান নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সে বিষয়ে কার্লোস ব্যাখ্যা করেন, 'আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।'

