ডারউইনে মিরাজ-স্টার্কের উত্তপ্ত বাক্যবিনিময়, শান্ত করলেন আম্পায়ার

ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে মাঠের এই লড়াইয়ের মাঝেই এক অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয় টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অজি পেসার মিচেল স্টার্কের মধ্যে। সিঙ্গেল নেওয়ার সময় পিচের মাঝখান দিয়ে দৌড়ানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা থামাতে শেষ পর্যন্ত আম্পায়ারকে এগিয়ে আসতে হয়েছিল।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। মিচেল স্টার্কের একটি বল পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন মিরাজ। সে সময় বলের দিকে নজর থাকায় সামনে থাকা স্টার্ককে খেয়াল করতে পারেননি তিনি। অজি পেসারকে পাশ কাটাতে গিয়ে মিরাজ পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ান। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটারদের এই অংশ এড়িয়ে চলার কথা থাকায় অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং মিরাজকে সতর্ক করেন। এ নিয়ে মিরাজ পরে জানান, তিনি আসলে স্টার্ককে দেখতে পাননি।

তবে মাঠের এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মিচেল স্টার্ক। স্টাম্প মাইক্রোফোনে তার রাগান্বিত কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। মিরাজকে উদ্দেশ্য করে স্টার্ক বলেন, 'এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।' নিজের বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় তিনি আরও যোগ করেন, 'তুমি এখন আর বাংলাদেশে নেই।'

স্টার্কের এমন আগ্রাসী মনোভাবের পেছনে অস্ট্রেলিয়ার মাঠের ভেতরের হতাশাকেই দায়ী করছেন ধারাভাষ্যকাররা। ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসনের মতে, ম্যাচে ব্যাকফুটে থাকায় অজি দলের সেই হতাশারই বহিঃপ্রকাশ ঘটেছে স্টার্কের এই আচরণের মাধ্যমে। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াননি। চ্যানেল সেভেনে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।' পন্টিংয়ের মতে, স্টার্ক ঠিক লাইনে দাঁড়িয়ে থাকায় দ্রুত দৌড়াতে গিয়েই মিরাজকে ওই পথ বেছে নিতে হয়েছিল।

উত্তেজনাকর এই দিনে মাঠের পারফরম্যান্সে অবশ্য বেশ চাপেই ছিল অস্ট্রেলিয়া। তানজিদ হাসান তামিমের ১০১ ও নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের পর মিরাজ ও হাসানের প্রতিরোধে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। দিনশেষে মিরাজ ৩২ এবং হাসান ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।