তিন দিনের ব্যবধানে মাঠে দুইবার হঠাৎ লুটিয়ে পড়ার ঘটনায় ফুটবল বিশ্বে বেশ উদ্বেগ ছড়িয়েছিল। বায়ার্ন মিউনিখের ২৩ বছর বয়সী তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা অবশেষে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তিনি মূলত একধরনের স্নায়বিক সমস্যায় ভুগছেন। পরীক্ষায় তার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী 'অ্যাবসেন্স সেজার' বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। তবে মুসিয়ালা ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, এই সমস্যাটি নিরাময়যোগ্য।
ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন মিউনিখে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র গরমে লাইপজিগের বিপক্ষে খেলার সময় প্রথমবার মাঠে ঢলে পড়েছিলেন মুসিয়ালা। এরপর মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার শেষ দিকে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মাঠে তাকে বেশ বিভ্রান্ত লাগছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের সঙ্গে তাকে মাঠ ছাড়তে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়ে মুসিয়ালা বলেন, 'পরীক্ষার পর আমার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী এক ধরনের অ্যাবসেন্স সেজার বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটি মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়। তবে সহজেই এটি সারিয়ে তোলা সম্ভব।' ভক্তদের ভয় না পাওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, লাইপজিগ এবং হেইডেনহাইমের বিপক্ষে যা ঘটেছে, তা এই সমস্যার কারণেই হয়েছে। বাইরে থেকে বিষয়টি ভীতিকর মনে হলেও তার কাছে এটি এখন খুব সাধারণ একটি ঘটনা।
বর্তমানে সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মুসিয়ালা এবং দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী। এর আগে হেইডেনহাইমের ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছিলেন, পুরো বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের জানা রয়েছে এবং মুসিয়ালা নিজেই দ্রুত এ নিয়ে কথা বলবেন।

