ভিসা জালিয়াতি: পাকিস্তানি অলরাউন্ডার হামজা নাজার ২ বছর নিষিদ্ধ

ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগে কঠোর শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার পাশাপাশি এই ক্রিকেটারকে এক মিলিয়ন (১০ লাখ) পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় পিসিবি।

পিসিবির তদন্তে জানা গেছে, বিদেশ সফরের উদ্দেশ্যে বোর্ডের মাধ্যমে করা হামজা নাজারের ভিসা আবেদনপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল। একই সঙ্গে সেখানে অসত্য ও বিভ্রান্তিকর তথ্যও দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত চলাকালে হামজাকে নিজের পক্ষে সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হলেও তার দাখিল করা নথিপত্র ও বক্তব্য সন্তোষজনক ছিল না। পরে কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক—কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটেই অংশ নিতে পারবেন না হামজা নাজার। পিসিবি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে অবহেলা বা জালিয়াতিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। বোর্ডের মতে, একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে যে ধরনের সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতা আশা করা হয়, হামজার আচরণ ছিল তার সম্পূর্ণ পরিপন্থী। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ও সমর্থকদের আস্থা ধরে রাখতে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে লাইমলাইটে এসেছিলেন হামজা নাজার। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের টেস্ট স্কোয়াডে তার ডাক পাওয়ার জোরালো সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু ভিসা সংক্রান্ত এই অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে শেষ পর্যন্ত ক্যারিয়ারের বড় একটি সুযোগ হাতছাড়া হলো এই তরুণ অলরাউন্ডারের।