মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তিতে সম্মত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলার কথা থাকলেও মাঠের পারফরম্যান্সে দ্রুতই নজর কাড়েন তিনি। ৮ মার্চ উস্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেকের দিনই গোল করেন আবদেলকারিম। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচেই নয়টি গোল করার কৃতিত্ব দেখান তিনি। বিশেষ করে মন্টেকার্লোর বিপক্ষে দলের ৯-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন, যে ম্যাচে বার্সেলোনা ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করেছিল।
২০২৬ সালের গ্রীষ্মে বার্সেলোনা তাকে স্থায়ীভাবে দলে অন্তর্ভুক্ত করে। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়েছেন এই ফরোয়ার্ড। সবশেষ গত ৩১ আগস্ট স্পটিফাই ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে স্প্যানিশ লা লিগায় তার প্রতিযোগিতামূলক অভিষেক হয়েছে।

