ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড নতুন মৌসুমের শুরুতেই নিজের লুকে বড় ধরনের পরিবর্তন এনেছেন। দীর্ঘ চার বছর ধরে তার ট্রেডমার্ক হয়ে ওঠা দীর্ঘ সোনালী চুল ছেঁটে একদম ছোট বা ‘বাজ কাট’ লুক নিয়েছেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে বার্নমাউথের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন রূপের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।
হালান্ডের এই রূপান্তর দেখে তার ২৪ বছর বয়সী প্রেমিকা ইসাবেল হাভগসেং জোহানসেনের প্রতিক্রিয়া ছিল বেশ নাটকীয়। ভিডিওতে দেখা যায়, হালান্ডের চুল কাটার দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলতে থাকেন, ‘আমার তো কান্না পাচ্ছে।’ কাটা চুলগুলো হাতে নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি চিৎকার করে ওঠেন। হালান্ড যখন চূড়ান্তভাবে নতুন রূপে নিজেকে উপস্থাপন করেন, তখন ইসাবেল বিস্ময়ে হতবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন।
তবে শেষ পর্যন্ত তিনি হালান্ডের নতুন লুকটি বেশ পছন্দ করেছেন। ইসাবেল মন্তব্য করেন, ‘বেশ মানিয়েছে তো! তোমাকে খুব মিষ্টি লাগছে।’ যদিও ২৬ বছর বয়সী হালান্ড কিছুটা ‘রাফ অ্যান্ড টাফ’ বা কঠোর চেহারায় নিজেকে দেখতে চেয়েছিলেন, প্রেমিকার এই মিষ্টি মন্তব্যে তিনি পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ইসাবেল মজা করে আরও বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমার মনে হবে—পাশে কে শুয়ে আছে?’
এদিকে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে ইসাবেল জানিয়েছেন, তিনিও নিজের চুলে নতুন ছাঁট দিয়েছেন। ২১ লাখ অনুসারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘শরতের আগে একটু নতুন রূপ।’ নরওয়ের ব্রাইনে একসঙ্গে বেড়ে ওঠা এই জুটি সম্পর্কে হালান্ড অতীতে জানিয়েছিলেন যে, ইসাবেলই প্রথম তাকে বার্তা পাঠিয়েছিলেন। বর্তমানে মাঠের বাইরে তাদের এই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের নজর কাড়ে।

