জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ দাপট দেখিয়েছেন পাঁচ ব্যাটার। রোববার মাঠ মাতানো এই পাঁচ সেঞ্চুরিয়ান হলেন ঢাকার মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন, চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও সিলেটের মধ্যকার ম্যাচে মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যক্তিগত শতক হাঁকিয়েছেন। তাদের এই জোড়া সেঞ্চুরিতে ভর করে ঢাকা ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় উইকেট জুটিতে মার্শাল ও মাহিদুল ৩২০ রান যোগ করেন, যা জাতীয় লিগের ইতিহাসে ঢাকার জন্য এই উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। মার্শাল ১৭৫ রান ও মাহিদুল অঙ্কন ১০৫ রান করেন। দিনের শেষভাগে সিলেট ২ উইকেটে ১৫৪ রান তুলেছে।
সিলেটের একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে ময়মনসিংহের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান। রংপুর তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। আগের দিন ৬ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শুরু করেছিল রংপুর।
এদিকে, খুলনার মেহেদী হাসান বল হাতে আগের দিন ৬ উইকেট নিয়ে রাজশাহীকে ১১৯ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও জ্বলে উঠেছেন। আটে নেমে ১১৮ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার সপ্তম সেঞ্চুরি। দিন শেষে খুলনার সংগ্রহ ৪৬৩ রান।

