ইনফান্তিনোর পুনঃনিয়োগে বাধা দিচ্ছে উয়েফার সদস্য দেশগুলো

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদস্য দেশগুলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে। ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি দেশ তাদের দেওয়া সমর্থনপত্র (এন্ডোর্সমেন্ট) একযোগে প্রত্যাহারের পরিকল্পনা করছে, যা ইনফান্তিনোর ওপর পদত্যাগের চাপকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তীব্র হয়েছে। উয়েফার সদস্যভুক্ত কয়েকটি দেশ ভবিষ্যতে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে ওই বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর পর থেকেই ইউরোপের ফুটবল মহলে তার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ্যে রূপ নিয়েছে।

আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনের জন্য উয়েফার ৫৫ সদস্য দেশের মধ্যে জার্মানি, রোমানিয়া ও নরওয়ে ছাড়া বাকি সবাই আগে সমর্থনপত্র দিয়েছিল। সেই সময় সুইস এই ক্রীড়া প্রশাসকের টানা চতুর্থ মেয়াদ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে আসার আলোচনা শুরু হয়েছে। উয়েফার কয়েকটি সদস্য দেশ একযোগে সমর্থনপত্র প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে, আবার কেউ কেউ পর্যায়ক্রমে একেকটি দেশ সমর্থন প্রত্যাহার করতে পারে বলেও শোনা যাচ্ছে। এমন পদক্ষেপ কার্যকর হলে তা ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ হিসেবে বিবেচিত হবে। সমর্থনপত্র প্রত্যাহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিকভাবে ফিফাকে অবহিত করতে হবে।

এদিকে ইউরোপের বাইরে অন্যান্য মহাদেশীয় ফুটবল কনফেডারেশনগুলোর সঙ্গেও আলোচনা চলছে। ইনফান্তিনোর বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব ব্যর্থ হলেও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কয়েকটি সদস্য দেশ প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে। বর্তমানে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও প্রকাশ্যে ইনফান্তিনোর পাশে রয়েছে। তবে ইনফান্তিনো এখনই সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি; বরং বিশ্বের বিভিন্ন দেশের সদস্য ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিজের সমর্থন ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।