ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনিশ ফুটবল প্রধান

ফিফা টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর সংস্থাটির বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন ডেনিশ ফুটবল প্রধান জেসপার মোলার। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জেসপার মোলার জানিয়েছেন, আইনি কমিটির বৈঠকে বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিষয়টি এজেন্ডায় না থাকায় তিনি অবাক হয়েছেন। তার প্রশ্নের উত্তর এড়ানোর কৌশলের সমালোচনা করে তিনি বলেন, পুরো প্রক্রিয়ার ওপর আমার বেশ কিছু প্রশ্ন ছিল। ফিফার আইন-সংক্রান্ত বিষয়ের জন্য এই কমিটির পরামর্শ নেওয়া নিয়ম হলেও সেখানে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও যোগ করেন, ফিফা অক্টোবর কাউন্সিল সভা পর্যন্ত অপেক্ষা করতে চায়, অথচ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করার এটাই ছিল উপযুক্ত সুযোগ।

বর্তমান নেতৃত্বের অধীনে ফিফার ভাবমূর্তি ফিরে পাওয়া সম্ভব নয় উল্লেখ করে মোলার বলেন, এখন সভাপতি পরিবর্তনের উপযুক্ত সময়। গত মাসে ডেনিশ ফুটবল সংস্থা জানিয়েছিল, তারা ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজবে। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের স্বত্ব বিক্রির প্রস্তাব তুলে নেওয়া হলেও তাদের আস্থা ফেরেনি। ডেনিশ ফুটবল প্রধান জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে এমন প্রার্থী খুঁজতে তিনি ইউরোপীয় সহকর্মীদের সাথে কাজ চালিয়ে যাবেন।

মরক্কোয় জরুরি বৈঠকের পর ফিফা তাদের ভুলের জন্য সদস্য সংস্থাগুলোর কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু ডেনিশ ফুটবল সংস্থার মতে, নেতৃত্বের এই আস্থা সংকট ক্ষমা চাওয়ার মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়। এদিকে ইনফান্তিনোর প্রস্তাবের পর উয়েফা, এএফসি ও কনকাকাফ নেতারাও শীর্ষ পদে পরিবর্তনের দাবি তুলেছেন। ইতোমধ্যে ফ্রান্স ও অস্ট্রিয়াসহ একাধিক ইউরোপীয় সংস্থা ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।