আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, জানালেন মেসির পছন্দের কথা

বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পাওয়ার দিনটিতেই আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। টটেনহামের এই ডিফেন্ডার জানিয়েছেন, এই নতুন দায়িত্ব পাওয়ার পেছনে লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির বড় ভূমিকা রয়েছে। মূলত তাদের পছন্দের ভিত্তিতেই কোচ লিওনেল স্কালোনি তাকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার জন্য তিনি মেসি ও ওতামেন্দির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ম্যাচ শেষে রোমেরো জানান, দিনটি তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বেলগ্রানোতে ক্যারিয়ার শুরুর সময় ১০ বছর পর জাতীয় দলের হয়ে এত বড় অর্জন এবং দায়িত্বের কথা তিনি কল্পনাও করেননি।

একই সঙ্গে লিওনেল মেসির অবসর নিয়ে আক্ষেপ ঝরেছে রোমেরোর কণ্ঠে। তিনি বলেন, আমরা লিওকে ভীষণ মিস করব। তিনি আমাদের পতাকাবাহী ছিলেন এবং তার মতো দ্বিতীয় কেউ কখনো আসবে না।