আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। টুর্নামেন্টটি ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান কাটিয়ে উঠতে বিপিএল আপাতত বন্ধ রেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আগামী ২০২৬-২০২৭ মৌসুমে টুর্নামেন্টটির কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, 'আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।'
বিপিএলের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, 'বিপিএলের বিষয়ে আমি কয়েকবারই নির্দেশ করেছি যে বিপিএল এভাবে করব না। এখানে দুই-তিনটা ইস্যু আছে। বিপিএল কেন প্রবলেমে পড়ত? রংপুর আর রাজশাহী ছাড়া বাকিদের কী অবস্থা? কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে।'
লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে নন বিসিবি সভাপতি। তিনি জানান, গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। কোনো দল হুট করে সরে দাঁড়ালে বা নিয়ম না মানলে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়, যা দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করছে। তামিম বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বিসিবির লাভ করার কথা, লোকসান কেন হবে? তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।'
তবে বিপিএল আয়োজনের ইচ্ছার কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন বিসিবি প্রধান। তিনি হুটহাট করে নয়, বরং পর্যাপ্ত সময় নিয়ে নিখুঁতভাবে টুর্নামেন্টটি পুনর্গঠন করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিশেষ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে টুর্নামেন্টটির ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

