বিশ্বকাপ জেতার স্বপ্ন সব ফুটবলারেরই থাকে এবং সেই ট্রফির একটি অফিশিয়াল রেপ্লিকা হাতে পাওয়া অনেকের কাছেই আজীবনের স্মৃতি হয়ে থাকে। তবে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য বেঞ্জামিন মেন্দির কাছে এই ট্রফিটি যেন উল্টো ঝামেলাই হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে নিজের ব্যক্তিগত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি নিলামে তুলে দিয়েছেন এই ফরাসি ডিফেন্ডার।
ফরাসি ক্রীড়া সাময়িকী লেকিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোলডিন আয়োজিত 'গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু'-তে মেন্দির ট্রফিটি বিক্রি হয়েছে। গত ২৫ জুলাই শেষ হওয়া এই নিলামে ট্রফিটি ৬২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ ৬৪ হাজার টাকা) বিক্রি হয়েছে। নিলামের তালিকায় রেপ্লিকাটি ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল, যেখানে ট্রফির নিচের অংশে ফাটল ও কিছু ক্ষয়ের দাগ ছিল। ক্রেতাকে ট্রফির সত্যতা নিশ্চিত করতে মেন্দির স্বাক্ষর করা একটি সনদও দেওয়া হয়েছে।
নিলামের খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ৩২ বছর বয়সী মেন্দিকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে সমালোচকদের কড়া জবাব দিয়ে মেন্দি স্ন্যাপচ্যাটে লিখেছেন, 'ওটা আমার ট্রফি, নাকি তোমাদের? যা-ই হোক, ওটা আমারই। আমার ট্রফি, আমি যা ইচ্ছা তা-ই করব।' এরপর রসিকতার সুরে তিনি যোগ করেন, 'আর তা ছাড়া, ওটা আলমারিতে অনেক জায়গা নিয়ে রেখেছিল।' মেন্দি এখানেই থামেননি, বরং আরও ট্রফি বিক্রির ইঙ্গিত দিয়ে লিখেছেন, 'তা ছাড়া বিক্রি করার মতো আরও ট্রফি তো আছেই।'
২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সময় মেন্দি ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। ক্লাব ক্যারিয়ারে তিনি চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট আটটি ট্রফি জিতেছেন। তবে ২০২১ সালে একাধিক ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে তার ক্যারিয়ার থমকে যায়। প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর ২০২৩ সালের জুলাইয়ে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন জেকিনে খেলছেন এবং ২০২৭ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে।

