রাজধানীর মাদানী এভিনিউ সংলগ্ন এলাকায় নতুন এক বিশ্বমানের স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাব হিসেবে ‘বসুন্ধরা সুপারগল্ফ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। গলফ খেলাকে সবার জন্য আনন্দদায়ক ও সহজলভ্য করে তোলার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের এই নতুন উদ্যোগ ক্রীড়া ও বিনোদন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করল।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর এবং বসুন্ধরা সুপারগল্ফ-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান উপস্থিত ছিলেন। এছাড়া সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আহমেদ সোবহান এবং আহমেদ ইব্রাহিম সোবহানসহ বসুন্ধরা পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগল্ফ-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, তাদের মূল লক্ষ্য ছিল একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলন নয়, বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিমের সদস্যরা খাবার, বিনোদন ও সামাজিক আয়োজন উপভোগ করতে পারেন। তিনি জানান, এটিকে প্রথাগত গলফ ভেন্যুর বাইরে একটি সমন্বিত লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এর পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ চলেছে, যাতে দর্শনার্থীরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা লাভ করেন।
বসুন্ধরা সুপারগল্ফের হেড অফ অপারেশনস রেজাউর রহমান এবং তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা প্রকল্পটির উচ্চ প্রশংসা করে বলেন, এটি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা ভেন্যুর আধুনিক সুযোগ-সুবিধা ও ফ্লোরগুলো ঘুরে দেখেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখানে বাৎসরিক মেম্বারশিপের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বা স্বাধীনভাবে খেলার সুযোগ রাখা হয়েছে। খেলাধুলা, ফাইন-ডাইনিং ও সামাজিক ইভেন্টের সমন্বয়ে গড়া এই ভেন্যুটি তরুণ প্রজন্ম, করপোরেট পেশাজীবী এবং পরিবারের জন্য রাজধানীর অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

