গেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে যৌথভাবে সেরা শুরুর রেকর্ড গড়েছে হানসি ফ্লিকের বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা ফ্লিকের শিষ্যরা এখন পর্যন্ত লিগের প্রথম আটটি ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্যমতে, এই টানা আট জয়ের রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে টাটা মার্তিনোর অধীনে গড়া বার্সেলোনার ঐতিহাসিক শুরুর কথা স্মরণ করিয়ে দেয়। তবে সেই মৌসুমে নবম রাউন্ডে গিয়ে মার্তিনোর দলের জয়যাত্রায় ছেদ পড়েছিল, যেখানে তারা ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এরপর ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকলেও সান মামেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ ব্যবধানে হেরে শেষ হয়েছিল সেই যাত্রা।
হানসি ফ্লিক ও তার শিষ্যদের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো আগামী সপ্তাহেই সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো। তবে এই লক্ষ্য পূরণ করা খুব একটা সহজ হবে না। আগামী শনিবার ‘লা কারতুহা’ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা শক্তিশালী রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটির গুরুত্ব নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরবর্তী ম্যাচে মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, আমরা অবশ্যই ইতিহাস গড়তে চাই, তবে সবচেয়ে জরুরি হলো খেলোয়াড়েরা যাতে শতভাগ মনযোগ নিয়ে তাদের কাজে নিয়োজিত থাকে।

